স্বাধীনতা তুমি নিভৃতে কাঁদো। মায়ের চোখে জল,
যার ডাকে তুমি এলে–একি তার অবহেলা।
জনককে মেরেও শান্তিতে নাই দেশ, কান্নায়
ভারী আকাশ। বাতাসে ভেসে বেড়ায় তার
কন্ঠস্বর! এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
পিতৃহীন দেশে আমাদের বসবাস, শান্তিতে
নেই মানুষ। আকাশ বাতাসের কান্না, পশু পাখির কান্না
নিভৃতে শুনি, চোখের জল গড়িয়ে মিশে যায় সাগরে।
লোনা পানিতে ভরে যায় সাগর। স্বাধীনতার বুকে আজ
বিঁধেছে কাঁটা। দ্বন্দ্বের বেড়াজালে আটকে মানুষ।
স্বাধীনতার পঞ্চান্ন বছর পর নতুন প্রজন্মের
একি হাহাকার, উত্তেজনার আবরণে একই স্বাধীনতা।
মনের কষ্ট মনের বারান্দায় ঘুরে ফিরে।
মুক্তিযুদ্ধের শহীদদের আত্মা কেঁদে কেঁদে বলে
আমাদের মুক্তি দাও, পিতাকে মুক্তি দাও। তার
জন্য আমরা জীবন উৎসর্গ করিনি।
আমাদের আত্মা জেগে উঠবে আবার। আমাদের রক্ত
রঞ্জিত স্বাধীনতা ঠিকই ফিরবে একদিন।











