ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া–২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। গতকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলী হোসেন বলেন, আমরা আজকে মনোনয়নপত্র নিয়েছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন রুমিন ফারহানা। খবর বিডিনিউজের।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।












