স্থায়ী হলেন চসিকের ২০৩ গাড়িচালক

টাইগারপাসস্থ নগর ভবনের সামনে বিক্ষোভ চলাকালে উপস্থিত হয়ে মেয়রের ঘোষণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

আন্দোলনের মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০৩ জন অস্থায়ী গাড়িচালককে স্থায়ী করেছেন মেয়র। যা সংস্থাটির জনবল কাঠামোতে থাকা গাড়িচালকের শূন্যপদের চেয়ে বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করতে থাকেন কর্পোরেশনের বিভিন্ন যানবাহনের চালকরা। এর আগে তারা গাড়ি না চালানোরও হুমকি দেন। এদিকে বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত হন মেয়র। এসময় তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘১০ বছরের অধিক যারা আছে এবং আমাদের ভিআইপি ৪৫ জনসহ ২০০ জনকে স্থায়ী করে দিলাম।’ এ ঘোষণার পর চালকরা উচ্ছ্বাস প্রকাশ করে মেয়রকে জড়িয়ে ধরেন।

এদিকে ঘোষণা দেয়ার পর ২০৩ জনকে স্থায়ী করে অফিস আদেশে স্বাক্ষর করেন মেয়র। এতে ১০ বছরেরও কম সময় চাকরি করছেন এমন অনেক চালক রয়েছেন বলেও অভিযাগ পাওয়া গেছে। এছাড়া চসিকের ডোর টু ডোর প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়াও আছেন বলে জানা গেছে।

জানা গেছে, ২০৩ জনকে স্থায়ী করলে চসিকের জনবল কাঠামো অনুযায়ি গাড়িচালকের পদ রয়েছে ১৩২টি। এর মধ্যে ২০২৫ সালের ১৯ মে সাংগঠনিক কাঠামোভুক্ত ২৫টি গাড়িচালক পদে সরসরি জনবল নিয়োগের ছাড়পত্র দেয়া হয়। এরপর চসিকের আবেদনের প্রেক্ষিতে ১২ আগস্ট আউটসোর্সিংভুক্ত ১০৭ জন চালককে রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার জন্য অর্থবিভাগে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। অর্থাৎ ছাড়পত্র পাওয়া ২৫ টি পদ এবং প্রস্তাবিত ১০৭টি গাড়িচালকের পদ মিলিয়ে সর্বোচ্চ ১৩২ টি গাড়িচালকের পদ খালি আছে। ওই হিসেবে পদের বাইরে ৭১ জনকে স্থায়ী করা হয়।

বিষয়টি জানাজানি হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে কর্পোরেশনের অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মচারিদের মাঝে। তারাও আন্দোলনে নামার ঘোষণা দেন।

স্থায়ী করা প্রসঙ্গে জানতে চাইলে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, এসব চালকরা অনেকদিন ধরে অসহায় অবস্থায় ঘুরছিল। তাদের বেশিরভাগের চাকুরির মেয়াদ ১০ বছর পার হয়ে গেছে। তাদের হাইকোর্টের একটা গ্রাউন্ডও আছে। সে প্রেক্ষিতে করা হয়েছে।

অর্গানোগ্রামের চেয়ে বেশি সংখ্যক পদে স্থায়ী করা প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, অর্গানোগ্রামে পদ কম। চালকদের কিন্তু হাইকোর্টের একটা রায় ছিল। এটার উপর আইন কর্মকর্তা দিয়ে একটা ভেটিং করিয়েছিলাম। আইন কর্মকর্তা রায়ের প্রেক্ষিতে মতামত দিয়েছেন স্থায়ী করা যাবে। তার আলোকেই স্থায়ী করি।

অর্গানোগ্রামে গাড়ি চালকের পদ কত আছে জানতে চাইলে চসিকের সচিব মো. আশরাফুল আমিন আজাদীকে বলেন, ড্রাইভার তো প্রতি গাড়ি ভিত্তিক। যতগুলো গাড়ি তত ড্রাইভার। আমাদের সাড়ে ৪০০ এর উপর গাড়ি আছে।

সর্বশেষ ছাড়পত্রে ২৫ জন গাড়িচালকের উল্লেখ থাকা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ওটা তো আলাদা, আলাদা আরো পদে নিয়োগের অনুমোদন হয়েছে। ছাড়পত্র তো নিয়োগ দেয়ার জন্য দিয়েছে। স্থায়ীর নিয়ম হচ্ছেদুই বছর চাকরি করলে স্থায়ী হতে পারবে। হাইকোর্টের বিভিন্ন রায়েও বলা আছে, যেভাবেই নিয়োগ পাক না কেন দুই বছর পর স্থায়ী হতে পারবে। কিন্তু কর্পোরেশনে যেহেতু আর্থিক সক্ষমতা থাকে না সেক্ষেত্রে সাধারণত দেয় না।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও বিচার কার্যক্রম পরিচালনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নির্বাচনী এলাকায় চলবে না যেসব যানবাহন