আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন সংক্রান্ত বিধান সংশোধনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের তফসিল শিগগির ঘোষণা করা এবং বগুড়ার উপনির্বাচন ও শেরপুরের নির্বাচন পহেলা বৈশাখের আগে অনুষ্ঠানের কথা বলেছেন তিনি। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এসব কথা বলেন। বর্তমানে অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। তবে সংসদে এটি অনুমোদন কিংবা সংশোধন হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে, তাই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বহাল থাকবে কিনা–তা কার্যত বিএনপির অবস্থানের ওপর নির্ভর করছে। খবর বিডিনিউজের।
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনার ইসি মাছউদ বলেন, আমার জানামতে অধ্যাদেশের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর এই বিল বা অধ্যাদেশ যদি অনুমোদন হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।
সংরক্ষিত নারী আসনের তফসিল বিষয়ে মাছউদ বলেন, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে। বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে।
বগুড়া–৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর–৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার।










