পরিবেশবান্ধব শিল্পায়ন ও সার্কুলার অর্থনীতির প্রসারে স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নগরীতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সার্কুলার প্লাস্টিক অর্থনীতি : স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা ও সুযোগ সৃষ্টি’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, ইউএনডিপি বাংলাদেশ এবং চট্টগ্রাম জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, সরকার, শিল্প ও শিক্ষাবিদদের সমন্বিত উদ্যোগে স্থানীয় উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। কর্মশালায় উপস্থিত অন্যান্য অতিথিরাও মতামত প্রদান করেন। স্বাগত বক্তব্যে এফবিসিসিআই আইআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, সার্কুলার প্লাস্টিক অর্থনীতি শুধু পরিবেশ সুরক্ষার জন্য নয়, স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগও সমপ্রসারিত করবে। আমরা কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়তা করছি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিজিএমইএ’র সভাপতি শামিম আহমেদ। তিনি বলেন, সার্কুলার প্লাস্টিক অর্থনীতি স্থানীয় শিল্প ও স্টার্টআপদের জন্য নতুন বাজার ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরী নীতি গ্রহণ অত্যন্ত জরুরি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন উল্লেখ করেন, স্থানীয় উদ্যোক্তাদের জন্য সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হলে চট্টগ্রামে সার্কুলার অর্থনীতি শক্তিশালী হবে। কর্মশালায় সরকারী কর্মকর্তা, প্লাস্টিক কর্মী, স্থানীয় উদ্যোক্তা, শিল্পী, গবেষক এবং নীতি নির্ধারকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।












