বান্দরবানের বাইশারীতে স্ত্রীকে দাহ্য পদার্থ খাইয়ে হত্যার অভিযোগে মো. তোহা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেলে স্ত্রীকে দাহ্য পদার্থ (এসিড জাতীয় তরল) খাইয়ে হত্যাচেষ্টা করেন তিনি। তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শুক্রবার ওই নারীর মৃত্যু হয়। গতকাল শনিবার অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়। নিহত নারীর নাম জেসমিন আক্তার। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকার সোনা মিয়ার ছেলে অভিযুক্ত মো. তোহার স্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় ফোর এইচ কোম্পানির ১৫ নম্বর রাবার বাগানের কর্মচারী স্বামী ঘরে স্ত্রীকে দাহ্য পদার্থ খাইয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, স্ত্রীকে জোরপূর্বক এসিড খাইয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।












