মীরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আবিরা জাহান নুসরাত। সে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে এবং উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান বলেন, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। চিনকী আস্তানা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী ‘জোনাকি পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।













