স্কাই স্পোর্টসে ইমরান খানের ২ ছেলের সাক্ষাৎকার প্রচারে ক্ষুব্ধ পিসিবি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নানা অভিযোগে ইমরান খানকে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, এবার তাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডপাকিস্তান সিরিজে চলমান লর্ডস টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, আর এই বিষয়টি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দা গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি। ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই ব্রডকাস্টার মাইকেল আথারটন। বৃহম্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।

তারা দাবি করেন, কারাগারে তাদের বাবার ওপর ভয়াবহ চাপ তৈরি করা হচ্ছে এবং তাকে ‘স্পষ্টতই হত্যার চেষ্টা’ করা হচ্ছে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পরবর্তীতে দেশটির রাজনীতিতে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত দেশে ও দেশের বাইরের অনেকেই। উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি লেখেন বিভিন্ন দেশের একদল সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে যেটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই ২১ অধিনায়কের মধ্যে একজন ছিলেন আথারটনও। কেবল ওই চিঠিতে স্বাক্ষর করেই থামেননি আথারটন। ইমরানের বিষয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করে তিনি বলেন, ‘রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।’ তথ্যের সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফো লিখেছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাইয়ের সঙ্গে যোগাযোগ করে পিসিবি এবং দাবি জানায় যেন অনুষ্ঠানটি প্রচার না করা হয়। ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে নাকি এমনও হুমকি দেওয়া হয় যে, সাক্ষাৎকারটি প্রচার হলে লাঞ্চের পর তাদের খেলোয়াড়রা মাঠে নামবে না।

এই ঘটনায় সাক্ষাৎকারটি প্রচারে বেশ খানিকটা বিলম্ব হয়। পরে অবশ্য ঠিকই ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। স্কাই স্পোর্টসের পক্ষ থেকে অবশ্য পিসিবির অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে সময়মতো মাঠে নামে। গত বুধবার সকালে লর্ডসের রাইটারস রুমে সাক্ষাৎকারটি নেন আথারটর এবং টেস্টের আগে এটি নিয়ে একটি টিজারও প্রচার করে স্কাই। পাকিস্তানে সিরিজটি প্রচার করছে পিটিভি, তবে স্বাভাবিকভাবেই তারা সাক্ষাৎকারটি প্রচার করেনি।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স ফুটবল ও গ্রীষ্মকালীন ক্রীড়া উপলক্ষে সভা
পরবর্তী নিবন্ধজিডি ট্রফিতে অনূর্ধ্ব-১৭ কে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ দলের শুভ সূচনা