সোনাদিয়ায় জলদস্যুর বোটে অভিযানে ৪ জেলে উদ্ধার,অস্ত্রসহ আটক ৯

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে জলদস্যু জাহাঙ্গীর ও তার ৮ সহযোগীকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে। এ সময় তাদের জিম্মা থেকে ৪ জেলেকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার বিকাল ৪টায় মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া৩’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে, বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত
পরবর্তী নিবন্ধইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চালিয়ে যেতে হবে