মহেশখালীর সোনাদিয়া চরে বোট নিয়ে অবস্থানকালে একদল দুষ্কৃতিকারীর অতর্কিত হামলা থেকে নিউজিল্যান্ডের চার পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মি. জন এডওয়ার্ড পুডনি তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে বাংলাদেশে আসেন। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় কোস্ট গার্ড তাদের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করলেও তারা নির্দেশনা উপেক্ষা করে সোনাদিয়ায় অবস্থান করছিলেন। গত ৮ এপ্রিল রাতে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালিয়ে মালামাল লুট করে।
খবর পাওয়া মাত্রই কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে পর্যটকদের বুঝিয়ে দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত পর্যটকদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি উত্তীর্ণ হয়েছে। বর্তমানে তারা কোস্ট গার্ডের নিরাপদ হেফাজতে রয়েছেন এবং তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। বিপদমুক্ত হয়ে মি. জন এডওয়ার্ড পুডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














