ফটিকছড়িতে মাইজভাণ্ডার ত্বরিকার অন্যতম সাধক শাহসুফি মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল–হাচানী আল–মাইজভাণ্ডারীর ১০৭তম খোশরোজ শরীফ পালিত হয়েছে। ৩ দিন ব্যাপী পবিত্র দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে গতকাল আখেরি মোনাজাতের মাধ্যমে খোরশেরোজ শরিফ শেষ হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের অংশ গ্রহণে দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আগত ভক্তরা মাইজভাণ্ডার শরীফের সকল রওজায় কোরআন শরীফ ও অজিফা পাঠ এবং জিকির করতে দেখা যায়। সে সাথে মহান রাব্বুল আলামিনের নিকট দু হাত তুলে অশ্রুসিক্ত নয়নে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য প্রর্থনা করেন। এদিকে আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়। তিনি বলেন, কোরআন সুন্নাহ বহির্ভূত কোন কাজ মাইজভাণ্ডারে হয় না। দুনিয়াতে আমরা এমন আনন্দ করব যা করলে আল্লাহ্–রাসুল খুশি হবে। হারামকে ত্যাগ করে হালালের পথে থাকব। পিতা মাতাকে সম্মান করব। আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই শান্তি, সমপ্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ বলে মন্তব্য করেন তিনি। এ সময় শাহাজাদা সৈয়দ নূরুল বশর মাইজভাণ্ডারীসহ লাখো মাইজভাণ্ডারী ভক্ত উপস্থিত ছিলেন। খোশরোজ শরীফের আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করা হয়।












