দীর্ঘদিন ধরে চট্টগ্রাম–১০ আসনের মানুষ ন্যায্য উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেছেন আসনটির বিএনপি প্রার্থী সাঙ্গদ আল নোমান। এসময় তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে সেবা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
গতকাল রোববার নগরের ১২ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এসময় সাঈদ আল নোমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব শোনেন। সাঈদ আল নোমান বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে সকল অপশক্তি নস্যাৎ হয়ে যাবে।ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা দিয়ে রোধ করা যাবে না। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়–এটি গণতন্ত্র, ভোটাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই। বিশ্বমানের চট্টগ্রাম গড়তে সকল শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। গণসংযোগে দলীয় নেতাকর্মী, যুবসমাজ, নারী ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম–১০ আসনে একটি মানবিক, উন্নয়নবান্ধব ও সমপ্রীতিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।












