কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোল মাছ। মাছটি ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন স্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপ।
ট্রলার মালিক মো. রাসেল জানিয়েছেন, তার ট্রলারটি ৩ মার্চ সাগরে মাছ ধরতে যায়। ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোট ঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানিয়েছেন, দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাটে তোলা হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশারিতে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মাছটির ওজন ২০০ কেজির বেশি হতে পারে। আমি ও আরেক ব্যবসায়ী জাফর মিলে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি।’
শুক্রবার (আজ) জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ–সংলগ্ন বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে। গত বছরের রমজান মাসে একই ধরনের বড় আকারের বোল মাছ বিক্রি করেছিলেন তারা– এমনটি জানান ব্যবসায়ী সিরাজুল ইসলাম। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা জানিয়েছেন, বোল মাছের অন্যতম বৈশিষ্ট্য হলো–এর বড় আকৃতির মুখ এবং শরীরজুড়ে থাকা বিভিন্ন রঙের ফোটা ফোটা দাগ, যা মাছটিকে দেখতে বেশ আকর্ষণীয় করে তোলে। সেন্টমার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকাগুলোতে এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি পাওয়া যায়। স্বাদে ভালো হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও বেশ রয়েছে।












