সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনাবাহিনীর এমডিএস মাঠে আনুষ্ঠানিক ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের জিএসও২ মেজর পারভেজ রহমান। সেনা সূত্রে জানা যায়, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান সেনা রিজিয়ন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল। যা দিয়ে একটি পরিবার সহজেই ইফতার ও সেহেরীর ব্যবস্থা করতে পারবে। এদিকে সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলেন, এই সহায়তায় তাদের রমজানের ইবাদত আরও স্বস্তিতে সম্পন্ন করা সম্ভব হবে। অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়নের জিএসও২ মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনী শুধুমাত্র নিরাপত্তা রক্ষাই নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেও আমরা সবসময় জনগণের পাশে আাছি। রমজান মাসজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আবির্ভাব উৎসব
পরবর্তী নিবন্ধক্বণন’র আয়োজনে একুশের আবৃত্তির বৈকালিক আসর