সেদিনও বৈশাখ ছিল কলেজ ছুটির পরে,
ঢেকেছিলো আকাশ আচমকা আঁধারে,
আমরা দুজন, মনে পড়ে সুজন
আটকা পড়েছিলাম বৈশাখী ঝড়ে?
যাত্রী ছাউনির ছোট্ট সেই ঘরে
অল্প অল্প করে, কত যে গল্প হলো,
মনে পড়ে –কলেজ ছুটির পরে?
সেই শুরু সেই শেষ –
রয়ে গেলো আজো তার রেশ!
সেদিনের পরে –কত যুগ চলে যায়,
রোদ বৃষ্টি, শীত ও বরষায়,
সেদিনের ছোট্ট সেই স্মৃতি
আজও মনে আছে, মনে পড়ে হায়!
বন্ধু তুমি আছো আজও সুদুর পরবাসে,
এখনো এই দেশে চৈত্রের দাবদাহ শেষে,
ঝড় ঝঞ্জা নিয়ে বৈশাখ আসে!
এখনো বৈশাখে বসে মেলা,
কত রঙ, আলপনা কত খেলা,
বাঙালির ঘরে ঘরে, মনে পড়ে?
সেদিনও বৈশাখ ছিল কলেজ ছুটির পরে।









