২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মত দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার নেয়া হবে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, এই বছর শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার বিষয়ে আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি। তবে এটি আমার একার সিদ্ধান্তের বিষয় না। আমাদের উপ-উপাচার্য এবং ডিনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সেকেন্ড টাইম এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে ইউজিসি আমাদের একটি চিঠি দেয়।
সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। বৃহস্পতিবার ডিনদের সঙ্গে একটি সভা রয়েছে। সভায় এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে চবিতে সেকেন্ড টাইম রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, আমরা চাই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেয়া হোক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। সেখানে যেন সেকেন্ড টাইম রাখা হয় সেজন্য তাদের অনুরোধ করা হবে। এ নিয়ে কয়েকবার মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।














