সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশ না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না

রাঙ্গুনিয়ায় গণসংযোগে ডা.এটিএম রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সুষ্ঠু নির্বাচন, নিরাপদ পরিবেশ এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত না হলে জনগণের প্রত্যাশা কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি গতকাল বৃহস্পতিবার হোছনাবাদ ও লালানগর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন পাড়ামহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ডা. এটিএম রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। সত্যকে আড়াল করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে, তবে জনগণ এখন অনেক সচেতন। উন্নয়ন প্রসঙ্গে ডা. রেজাউল বলেন, উন্নয়ন হতে হবে মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান এই খাতে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করা গেলে রাঙ্গুনিয়া একটি আদর্শ জনপদে পরিণত হবে। এ সময় এবি পার্টির প্রার্থী আবদুর রহমান মনির, এলডিপির মো. জাহাঙ্গীরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমাটি খেকো-বালু খেকো ও সন্ত্রাসীদের স্থান লোহাগাড়ার মাটিতে হবে না
পরবর্তী নিবন্ধইডেন উইন্টার ব্যাডমিন্টন ফেস্ট উদ্বোধন