চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, সুশিক্ষিত হতে না পারলে উচ্চশিক্ষা কোনো কাজে আসবে না। একসময় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হতো, কিন্তু এখন তা পরিবর্তিত হয়ে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড হিসেবে স্বীকৃত। কারণ, শিক্ষার সঙ্গে সুশিক্ষা না থাকলে জীবনে কাঙ্ক্ষিত সফলতা ও উন্নয়ন সম্ভব নয়।
গতকাল শনিবার দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নবনির্বাচিত এমপির সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম আরও বলেন, মানুষের মেরুদণ্ড সোজা না থাকলে যেমন স্বাভাবিক চলাফেরা সম্ভব নয়, তেমনি একটি জাতিও সঠিক শিক্ষায় শিক্ষিত না হলে এগোতে পারে না। বর্তমান সময়ে নকলের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সৎ ও পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
প্রধান শিক্ষক এ টি এম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ ও পটিয়া থানার ওসি জিয়াউল হক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়ার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, বিএনপি নেতা মোজাম্মেল হক, জাইদুল হক ও গাজী আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।














