সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ‘সি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে আগ্রাবাদ কমরেড ক্লাব। এই গ্রুপের শীর্ষে থেকে তৃতীয় দল হিসেবে তারা এই পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। গতকাল সোমবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ জয়ে তারা তিন খেলা শেষে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষ দলের মর্যাদা নিয়ে সুপার ফোর পর্বে খেলবে। সাতকানিয়া উপজেলা সমান খেলায় ৩ পয়েন্ট পেয়ে লিগ শেষ করেছে। টসে জিতে সাতকানিয়া উপজেলা প্রথমে ব্যাট করতে নামে। ৪২.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. আরিফ ৩৭,আবির হোসেন রাহাত ২৬ এবং আবিদ হাসান অপরাজিত ২৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। আগ্রাবাদ কমরেড ক্লাবের পক্ষে সৌমেন বড়ুয়া ১১ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। এছাড়া শিহাব নওরাজ খান ৩টি এবং খাইরুল ইসলাম ১টি উইকেট পান। জবাবে আগ্রাবাদ কমরেড ক্লাব ২৮.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেয়। দলের পক্ষে মিসবাহ উল ইসলাম অপরাজিত ৩৮ রান করেন। এছাড়া ইসকান্দার রশিদ ২৭,খাইরুল ইসলাম ২৬ এবং শিহাব নওরাজ খান ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ৮। সাতকানিয়া উপজেলার আরাফ হোসেন, শাহজাদ উজ জামান, মো. আরিফ এবং আবিদ হাসান প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন। এম এ আজিজ স্টেডিয়ামে এই গ্রুপের অপর খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ২২ রানে চিটাগাং ফুটবল ক্লাবকে পরাজিত করে। এ জয়ে তারা তিন খেলা শেষে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে। এ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে আগ্রাবাদ কমরেড ক্লাব। চিটাগাং ফুটবল ক্লাব কোন পয়েন্ট না পেয়েই লিগ শেষ করেছে। গতকাল টসে জিতে কাস্টমস স্পোর্টস ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে চিটাগাং ফুটবল ক্লাব ৩৪.৫ ওভার খেলে ১১৯ রানে থেমে যায়। কাস্টমস দলের পক্ষে সাইফুল ইসলাম সাদিক সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া মো, সাদমান ৩০,হাফিজুর রহমান রোহান ১৪ এবং মামদুদ হোসেন জোনায়েদ ১৪ রান করেন। অতিরিক্ত রান হয় ২৫। চিটাগাং ফুটবল ক্লাবের পক্ষে নাইমুল আলম ৪টি, রাকিবুল হায়দার ওয়াসি ৩টি, মো. ফায়েজ ২টি এবং মারজুক আলম ১টি উইকেট দখল করেন। ব্যাটিং করতে নেমে চিটাগাং ফুটবল ক্লাবের মারজুক আলম ২৪, তাইমুল ইসলাম সাজিদ ১৮,মো. জালাল উদ্দিন ১৩, মো. আকিবুল হক ১২, মো. ফায়েজ ১১ এবং সাদমান ইসলাম নাফিস ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। কাস্টমস স্পোর্টস ক্লাবের পক্ষে জিহাদ আজিম ৪টি, মো. আলামিন কাইফ ৩টি এবং মুনতাসির ২টি উইকেট নেন। আজকের খেলা: সেবা নিকেতন বনাম মোহামেডান ব্লুজ(মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ), টাউন ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম)।








