সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে রাতভর চলা একটি রেভ পার্টিতে বন্দুকধারীর গুলিতে ২২ বছর বয়সী এক তরুণী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, রোববার ভোরের ঘটনার পর অজ্ঞাতপরিচয় হামলাকারীকে ধরতে সুইজারল্যান্ডজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। খবর বিডিনিউজের।
আরগাউ ক্যান্টন পুলিশ জানিয়েছে, জুরিখ শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পশ্চিমে আরাউ এলাকার একটি ঘোড়দৌড় মাঠে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ২২ বছরের তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। আঘাতের মাত্রা গুরুতর হওয়ায় তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় আড়াইটার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।










