সীতাকুণ্ডে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পৃথক দুটি কম্বিং অপারেশন চালানো হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। উপজেলার সন্দ্বীপ চ্যানেল এলাকায় গত তিনদিনে কুমিরা, সোনাইছড়ি এবং ভাটিয়ারী ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে সাগরে ধারাবাহিকভাবে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। এ অভিযানের অংশ হিসেবে গত তিন দিনে ২২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্ জানান, সরকারি নির্দেশনায় মৎস্য দপ্তর, কোস্টগার্ড পূর্ব জোন, কুমিরা নৌ পুলিশ ও ভাটিয়ারী স্টেশনের যৌথ অভিযানে সাগরে নিয়মিত তদারকি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।












