সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি মো. মশিউর রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে র্যাব–৭, চট্টগ্রাম। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২নং গেইট রেল বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মশিউর রহমান উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজী গোলাম হাসান এর ছেলে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। খবর বাসসের।
র্যাব জানায়, মশিউর রহমান সীতাকুণ্ড থানার মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, গণধর্ষণ, অস্ত্র মামলা ও আত্মহত্যার প্ররোচনাসহ ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। মশিউর রহমানকে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।












