সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূল এলাকায় হামলার ঘটনায় নিখোঁজ এক প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সালাউদ্দিন একই ইউনিয়নের বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (৩১ জানুয়ারি) শনিবার দুপুরের দিকে ব্যবসায়ী কাজলের কর্মচারী শাকিল সীতাকুণ্ডের কুমিরা থেকে ২ লাখ ২০ হাজার টাকার জ্বালানি তেল নিয়ে একটি বোটে করে বাড়বকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বাড়বকুণ্ড সাগর উপকূল এলাকায় পৌঁছালে একটি সশস্ত্র সন্ত্রাসী দল বোটটি থামিয়ে শাকিলকে মারধর শুরু করে এবং সব তেল লুটে নেয়।

পরে বিষয়টি জানতে পেরে ব্যবসায়ী কাজল ও নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনসহ ৮ জন একটি স্পিডবোট নিয়ে সন্ত্রাসীদের সন্ধানে জেএমআই সংলগ্ন খালে যান। সেখানে সন্ত্রাসীদের কাছে তেল লুটের কারণ জানতে চাইলে তারা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী কাজল, শাকিল, জিকু, মিজান, সুমন ও ইসলামসহ ৬ জন মারাত্মক আহত হয়। এসময় ড্রেজার প্রহরী সালাউদ্দিন নিখোঁজ হন।

নিহতের বোনের জামাই আকবর হোসেন বাদশা জানান, সন্ত্রাসীদল মোঃ সালাউদ্দিনকে কুপিয়ে জখম করে আটকে রেখেছিল। ঘটনার পর থেকে ৪ দিন পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার তাঁর মরদেহ খালে ভাসতে দেখে স্থানীয়রা।

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ভক্ত সাংবাদিকদের জানাযন, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তাতার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে বাল্কহেডের মোটর বিস্ফোরণে আগুন, শ্রমিকের মৃত্যু