সীতাকুণ্ডে লরীর ধাক্কায় এক ট্রাক সহকারীর মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুর ইসলাম বাধন (১৮)। গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিরাস্থ রাজাপুর জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন ভোরে ওই এলাকার মহাসড়কের পাশে একটি পণ্য বোঝায় ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি লরী ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাকের সহকারী জাহিদুল ইসলাম বাধন আটকা পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালকের সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই ফজলুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাক সহকারীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত জাহিদুর ইসলাম বাধন রাজশাহী জেলার বাঘমারা উপজেলার সাকোয়া গ্রামের মোহাম্মদ রেজাউল করিমের ছেলে।











