সীতাকুণ্ডে র্যাবের অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজসংলগ্ন এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আবু বকর (৫৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ বেতিয়ারা গ্রামের বাসিন্দা।
র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি যাত্রীবাহী বাসে কুমিল্লা থেকে একটি মাদকের চালান চট্টগ্রামের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট ক্যাডেট কলেজসংলগ্ন বিসমিল্লাহ মেরিন ওয়ার্কসের সামনে মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আবু বকরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার করা ফেনসিডিল ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে চট্টগ্রাম র্যাব–৭–এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।












