সীতাকুণ্ডে চাকা ফেটে উল্টে গেল চলন্ত মাইক্রোবাস

শিশুসহ আহত ৬

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসের চাকা ফেটে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওমান প্রবাসী ও তার শিশুসন্তানসহ অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই ফেনী জেলার বাসিন্দা। তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে ফেনীর ফুলগাজী উপজেলায় ফিরছিলেন। পথে সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। আহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের ওমান প্রবাসী মো. নূরুল আমিন (৩৬) ও তার সাত বছর বয়সী ছেলে ইয়ামিন ইসলাম। এছাড়া একই জেলার মো. ইউনুস (৬০), মো. শাহীন (৩০), মো. ইয়াকুব (৪০) এবং গাড়িটির চালক মো. হাসান (২৯) আহত হয়েছেন। চালক হাসানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, গাড়িটি দ্রুতগতিতে চলার সময় পেছনের চাকা ফেটে যায়। এতে গাড়িটি উল্টে গিয়ে যাত্রীরা আহত হন। চালকের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও থেঁতলে গেছে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনার পর গাড়ির গ্যাস সিলিন্ডারের কানেকশন ছুটে গিয়ে গ্যাস বের হচ্ছিল। দেখে মনে হচ্ছিল ধোঁয়া উড়ছে, কিন্তু আসলে সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা সবাই নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঈদের ৮ দিন পরেও অতিরিক্ত ভাড়া, বাঁশখালীতে ৬ টেক্সিচালককে জরিমানা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পাহাড়ে নিখোঁজ নাপিতের অর্ধগলিত লাশ