সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বজনদের দাবি হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইকোপার্ক সংলগ্ন পুনর্বাসন এলাকা থেকে জেরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে সরকারি পুনর্বাসন প্রকল্পের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জেরিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার মো. আবুল কালামের মেয়ে এবং ওই এলাকার ফারুকের স্ত্রী। তার তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, জেরিনকে শ্বাসরোধে হত্যার পর ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধশত শত একর ফসলি জমি ক্ষত-বিক্ষত
পরবর্তী নিবন্ধমাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতদলের হানা, আনসারের গুলিতে নস্যাৎ