সীতাকুণ্ডে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া নামক গ্রামে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা এবং পরিবহন করার অপরাধে তাদের দুজনকে এই জরিমানা করা হয়। গতকাল শনিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা এবং পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০(সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে দক্ষিণ ইদিলপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদ এর ছেলে গাড়ী চালক মোঃ কাউছার হোসেন সাকিবকে ৫০ হাজার ও পশ্চিম সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা মৃত রৌশন আলীর ছেলে মোঃ আব্দুল মোত্তালেব রনি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।











