সীতাকুণ্ডে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জাহাঙ্গীর আলম শামীম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার মধ্যরাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম পৌরসভাস্থ শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শামীম মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল এলাকায় অবস্থিত তালতলায় গ্রামে তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। রাত আনুমানিক ১১ টার দিকে কয়েকজন ব্যক্তি শামীমকে তার শ্বশুর বাড়ি থেকে ডেকে অন্যত্র নিয়ে যায়। তারপর কোন একটি স্থানে নিয়ে গিয়ে তাকে রগ কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক ১টার দিকে তার ক্ষতবিক্ষত লাশ ভাটেরখীল বেড়িবাঁধের সাগর উপকূলের রাস্তার পাশ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, শামীম নামের এক ব্যক্তির লাশ মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কি করণে এ ঘটনাটি ঘটেছে তারও তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলের বর্বর ধ্বংসযজ্ঞ, ঝুঁকিতে যুদ্ধবিরতি
পরবর্তী নিবন্ধআড়াইগুণ বেশি ভাড়ায় ঘুরপথে তিনটি ক্রুডবাহী জাহাজ দেশে আনার চেষ্টা