সীতাকুণ্ডে সন্ধ্যা রানী শর্মা নামে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল এবং নগদ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে একই এলাকার বাজার–সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সন্ধ্যা রানী শর্মা বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের বাসিন্দা মৃত উমেশ শর্মার মেয়ে।
তিনি জানান, দুপুরের দিকে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান–সংলগ্ন মহাসড়কের পাশে পৌঁছালে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা স্বর্ণালংকার ও ব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী এই চক্রটি প্রায় সময় একই এলাকায় অপরাধমূলক সব ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, আমরা এ ঘটনাটি শুনিনি। তাছাড়া ভুক্তভোগী কেউ এখনো লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












