সীতাকুণ্ডে অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ফ্রিজার গাড়ি থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন ভাটিয়ারী শাখা এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশের যৌথ সহায়তায় সীতাকুণ্ড মৎস্য অধিদপ্তর বাঁশবাড়িয়া জোড়বটতল এলাকায় এ অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী একটি ফ্রিজার কাভার্ডভ্যানে তল্লাশি চালান তারা। এসময় আড়াই মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্‌। উপস্থিত ছিলেন কোস্টগার্ড অফিসার মো. আব্দুর রশিদ ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। এদিকে সীতাকুণ্ড মৎস্য কর্মকর্তা মো.মোতাছিম বিল্লাহ বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানে আমরা নদী ও স্থলপথে নজরদারি বাড়িয়েছি। জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চলবে। আর এ সময়ের মধ্যে কেউ জাটকা আহরণ বা পরিবহন করতে দেখা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী
পরবর্তী নিবন্ধসুশিক্ষা ও সুস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে