সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম রাউন্ডে ‘ডি’ গ্রুপে গতকাল মঙ্গলবারে দুটি খেলার একটি অনুষ্ঠিত হয়েছে। অপর খেলাটি ভেজা পিচের জন্য পরিত্যক্ত হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলা ছিল বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স এবং কে এম স্পোর্টিং ক্লাবের মধ্যে। আগের রাতে বৃষ্টির কারণে পিচ ভেজা থাকায় খেলার অনুপযুক্ত হয়। আম্পায়াররা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে করে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। ফলে কপাল পোড়ে কে এম স্পোর্টিং ক্লাবের। সামনে এগিয়ে যাবার সম্ভাবনা দুর্ভাগ্যের কবলে পড়ে নষ্ট হয়ে যায় তাদের। খেলায় জিতলে তারা প্রতিদ্বন্দ্বী আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের সাথে সেমিফাইনালে উঠার লড়াইয়ে পাল্লা দিতে পারতো। পাঁচ খেলা শেষে তাদের পয়েন্ট হয়েছে ৭। অন্যদিকে একই গ্রুপে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ১০ উইকেটে চট্টগ্রাম আবাহনী জুনিয়রকে পরাজিত করে। ফলে পাঁচ খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উত্তীর্ন হলো। দিনের দ্বিতীয় এই খেলাটি বিকালে দেরীতে অনুষ্ঠিত হলে ৮ ওভারে নির্ধারন করা হয়। টসে হেরে আবাহনী জুনিয়র প্রথমে ব্যাট করে। ৮ ওভারে ৮ উইকেটে তারা ২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে দুই অংকের ঘরে পৌঁছান শুধুমাত্র শাহিদুল ইসলাম। তিনি ১৯ বলে এক ছক্কায় ১৪ রান করেন। নওজোয়ান গ্রীনের পক্ষে ২টি করে উইকেট নেন রকিব উদ্দিন এবং রাফিউল আলম। ১টি উইকেট পান শফিউল আলম। জবাবে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ৫.১ ওভার খেলেই বিনা উইকেটে ৩০ রানে পৌঁছে যায়। দুই ওপেনার আইয়ুব বাবু এবং ইমতিয়াজুল হক অপরাজিত থাকেন যথাক্রমে ১৫ এবং ১৩ রান নিয়ে। প্লেয়ার অব দি ম্যাচ হন রকিবউদ্দিন। তিনি ২ ওভার বল করে ১ মেডেন ১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সলর ফারুক আহমেদ এবং সাবেক ক্রিকেটার মর্তুজা রায়হান মিঠু।
এদিকে গ্রুপ পর্বের সব খেলা শেষে আগামী ৯ এপ্রিল সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। প্রথম সেমিফাইনালে অংশ নেবে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রিন (সকাল–৯টা),দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে ইয়ং স্টার ক্লাব এবং ক্রিসেন্ট ক্লাব (দুপুর–১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।













