সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে আবেদিন ক্লাবের জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:০১ অপরাহ্ণ

সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের খেলায় আবেদিন ক্লাব জয় পেয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আবেদিন ক্লাব ২৭ রানে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। আবেদিন ক্লাব চার খেলার দুটিতে জয় এবং দুটিতে হারে চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। অন্যদিকে একটি জয় এবং তিনটি হারে ২ পয়েন্ট পেয়েছে মাদারবাড়ী উদয়ন সংঘ। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আবেদিন ক্লাব। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১২৭ রান সংগ্রহ করে। দলের সুহাদ ২৯ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি ২টি চার এবং ৩টি ছক্কা হাঁকান। এছাড়া আবরার ২৪,রিয়াল ১৮, আহিল ১৩ এবং লাবির ১২ রান করেন। মেহেদি ১৬ রান করে অপরাজিত থাকেন। উদয়নের পক্ষে সাদমান ৩৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান ইফাজ এবং তাওহিদ।জবাবে মাদারবাড়ী উদয়ন সংঘ এক বল আগেই ১০০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাদমান সর্বোচ্চ ৩৫ রান করেন ৬০ বল খেলে। এছাড়া আবদুল্লাহ ১৭ এবং সাদেক ১০ রান করেন। দু’অংকের ঘরে যেতে পারেননি আর কেউই। অতিরিক্ত থেকে জমা হয় ১৭ রান। আবেদিন ক্লাবের সুনান ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান সৌম্য এবং তানভী। ১টি করে উইকেট পান রিয়াল এবং মেহেদী। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয় দলের সুহাদ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর কাজী মোহাম্মদ জসিমউদ্দিন এবং সাবেক ক্রিকেটার সুব্রত চৌধুরী। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বন্দর সাদা দলের বিপক্ষে বাকলিয়া একাদশ খেলতে আসেনি। তারা ওয়াকওভার দেয় বন্দর সাদা দলকে। আগের খেলায় বাকলিয়া একাদশের হিট উইকেট কান্ড নিয়ে তুমুল সমালোচনা হয়। তাদের ৮ খেলোয়াড় এবং কোচকেও ইতিমধ্যে সিজেকেএস ক্লাব সমিতি কর্তৃক বহিস্কার করা হয়েছে। ফলে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ আমিনুল ইসলামের টিম বাকলিয়া একাদশ গতকাল মাঠে আর হাজির হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ-উজবেকিস্তান ড্র