সিলেটের ডাকাতদল রাউজানে ডাকাতি করতে এসে ধরা

৯ জনকে আটকে গণপিটুনি

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

সিলেট জেলার সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতি করতে এসেছে রাউজানে। ডাকাতি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ৯ ডাকাত। উত্তেজিত জনতা আটক ডাকাতদের গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ ঘটনা ঘটেছে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকার একটি তিনতলা বাড়িতে। বাড়িটিতে বসবাস করে ছয় প্রবাসী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বহিরাগত একদল ডাকাত গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়ার হাজী ইউছুপের ছয় প্রবাসী ছেলের মালিকানাধীন তিনতলা ভবনে ডাকাতি করতে ঢোকে। ওই রাত ছিল লাইলাতুল কদরের রাত। এলাকার বেশির ভাগ পুরুষ ছিল মসজিদে।

ডাকাত কবলিত পরিবারের এক নারী সদস্য সাবিনা আকতার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাদের তিনতলা ভবনটিতে বসবাস করেন ছয় প্রবাসী পরিবার। রাত দেড়টার দিকে ডাকাতদলটি ভবনের ছাদ বেয়ে প্রতি ফ্ল্যাটে দরজা ভেঙে প্রবেশ করে প্রতি পরিবারের নারী সদস্যদের বেঁধে মারধর শুরু করে মুখ বন্ধ রাখতে বাধ্য করে। এরপর ঘরের সবকিছু তছনছ করে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। লুটপাট চলাকালে মসজিদ থেকে ঘরে ফিরছিলেন তার এক ভাগ্নে। ভবনের সামনে আসতেই নিচে পাহারায় থাকা ডাকাতরা তাকে আটকে মারধর শুরু করলে সে দৌড়ে পালিয়ে কাছাকাছি মসজিদে গিয়ে ডাকাতির কথা জানায়। ওই সময় মাইকের ডাকাতি হওয়ার কথাটি জানানো হয়। এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ এসে ডাকাতদের ঘেরাও করে। ডাকাতরা পালাতে থাকে। এলাকার মানুষ বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ৯ জনকে আটক গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ডাকাতদের বেশির ভাগ সিলেটের হবিগঞ্জ ও গোলাপগঞ্জের বাসিন্দা। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ডাকাতদের কাছে সিটি গোল্ডের কিছু অলংকার পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের কয়েক কিমি এলাকায় শুধু ছাই আর ছাই
পরবর্তী নিবন্ধসেমাই-চিনির বাজারেও ব্যস্ততা