চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, পোশাকশিল্পে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখে বিজিএমইএ। তৈরি পোশাক খাতে বিদেশি এক্সপার্টদের ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। জ্ঞান–বিজ্ঞানে দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীতে পোশাকশিল্পে নেতৃত্ব দেবে সিবিইউএফটির শিক্ষার্থীরা।
গত শনিবার সিবিইউএফটি হল রুমে অনুষ্ঠিত স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য দেন সিবিইউএফটির ক্লদিং এন্ড ফ্যাশন টেকনোলজি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন। ওরিয়েন্টেশন প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিবিইউএফটি’র আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা। উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় হল জ্ঞান গবেষণা কেন্দ্র, শিল্প–বাণিজ্য ও অর্থনীতিতে সেরা প্রফেশনালদের যোগান দিতে সিবিইউএফটি সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি নবীন শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, নতুন ভর্তিকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












