চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অতীতেও আমি তিন বার এমপি থাকাকালীন সময়ে কোন দুর্নীতি স্পর্শ করিনি। তাই দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না। সেই সাথে সরকারের নীতিমালা অনুসরণ করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। যাতে করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারগুলো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আমি বিএনপির মনোনয়নে নির্বাচিত হলেও আমার কাছে এখন সব মানুষ সমান। আমি সকলের জনপ্রতিনিধি, তাই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে সমতার ভিত্তিতে, পরিকল্পিত এবং বৈষম্যমুক্ত। তাছাড়া নিয়মিত অভিযানের মাধ্যমে মাদককারবারীদের গ্রেফতার করে এলাকা মাদকমুক্ত করতে হবে। সন্ত্রাসী, মাটিখেকো, বালি সিন্ডিকেট যে দলেরই হোক অতি দ্রুত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এসব অপকর্ম বন্ধ করে এদের আইনের আওতায় আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আপনাদের সরকারের নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদাঙ্ক অনুসরণ করে কাজ করতে হবে। সরকারি সব কাজ দুর্নীতিমুক্ত হতে হবে। কেননা আমি কোন দুর্নীতির দায় নিতে পারব না। এক্ষেত্রে তিনি প্রশাসন এবং সকল কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী, জেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।











