রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেসের’ পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টার প্রকাশ করে নির্মাতা ফেইসবুকে লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ এর অফিশিয়াল পোস্টার! ফ্রম দ্য টিম অব ‘উৎসব’, বনলতা এক্সপ্রেস আসছে এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে! সিনেমার পোস্টারে লেখা আছে, ‘এটি কেবল একটি সাধারণ গল্প নয়, বরং ‘১০০% খাঁটি বাংলাদেশি’। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, শিগগিরই মুক্তি দেওয়া হবে টিজার এবং ট্রেইলারসহ সিনেমায় ব্যবহৃত গানগুলো। সিনেমাটি নিয়ে তানিম নূর বলেন, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে যুক্ত করে, বনলতা এক্সপ্রেসও তেমনি আমাদের হৃদয়ের গল্পগুলোকে এক বিন্দুতে মেলাবে। প্রতিটি বগির ভেতর লুকিয়ে থাকা হাজারো মানুষের হাসি–কান্না আর সম্পর্কের সেই চিরচেনা মায়াই হলো এই সিনেমার প্রাণ। আমরা চেয়েছি পুরো বাংলাদেশকে একটি ট্রেনের যাত্রায় এবং একটি অভিন্ন অনুভূতিতে গেঁথে ফেলতে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি আগামী ৩ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানিয়েছেন তানিম। ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ অনেকে। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আপনার প্রত্যাশা কেমন প্রশ্নে গ্লিটজকে তিনি বলেন, “আমি তো খুবই আশাবাদী। ‘উৎসব’ সিনেমার মত বনলতা এক্সপ্রেসও দর্শকের প্রত্যাশা পূরণ করবে। বাকিটা তো মুক্তি পেলেই দেখা যাবে। একে তো হুমায়ূন আহমেদের স্যারের গল্প থেকে নির্মাণ। সিনেমা তো যৌথভাবে নির্মিত একটা শিল্প। আমরা সিনেমার জন্য সবাই খুব এফোর্ট দিয়েছি, চেষ্টা করেছি ভালো কিছু করার। সবাই মিলে যখন একটা কাজ করি তখন সেটা সফল হয়। আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি।হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ–এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটি মুক্তি পাবে এই রোজার ঈদে।












