সিদ্ধান্ত জানাতে আইসিসি তারিখ বেঁধে দেয়নি, দাবি বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ চূড়ান্ত হবে বুধবারের মধ্যেএই তথ্য বিসিবি উড়িয়ে দিয়েছে। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আইসিসি ও বিসিবির সভায় সুনির্দিষ্ট কোনো দিনতারিখ নিয়ে আলোচনা হয়নি। খবরটি প্রকাশ করেছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে পরিচিত ইএসপিএনক্রিকইনফো।

রোববার রাতের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, বিশেষ করে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না, তা চূড়ান্ত হতে যাচ্ছে বুধবারের মধ্যে। ঢাকায় শনিবারের বৈঠকে বিসিবিকে এই সময়সীমাই বেঁধে দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনে।

তবে মিরপুরে গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানালেন উল্টো কথা। তিনি বলেন, গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্য জানিয়ে দিই যে, ভারতে খেলতে আমরা অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করি। তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। উনি তখন বলেন যে, এই বিষয়গুলি তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে তারা সুনির্দিষ্ট তারিখ বা কখন জানাবেন, কিছুই বলেননি। শুধুমাত্র জানিয়েছেন, পরবর্তী তারিখটি আমাদেরকে জানিয়ে দেবেন।

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোয় আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। প্রথম দফা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বুধবার হয়েছে। এরপর শনিবার আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে সামনাসামনি আলোচনা করেন। অনলাইনে সভায় যোগ দেন আইসিসির আরেক প্রতিনিধি।

দুটি সভাতেই বিসিবি তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে আইসিসিও দ্বিতীয় দফায় জানিয়েছে, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না। বৈঠকের পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পরিবর্তনের প্রস্তাব ছিল বিসিবির পক্ষ থেকেই। সি গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গা বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে আইসিসি সেটিতে রাজি হয়নি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির রাজি না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।

আগের সভার মতো শনিবারের সভায়ও আইসিসি বারবার বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সভার আলোচনার ভিত্তিতে জানাশোনা ব্যক্তিদের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো লিখেছে, বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে অপেক্ষা করছে আইসিসি। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দল বেছে নেওয়া হবে। ক্রিকেট ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, র‌্যাঙ্কিং অনুযায়ী সেই দল হবে স্কটল্যান্ড। তবে বিসিবি পরিচালক আমজাদ হোসেনের দাবি অনুসারে, এখনো বিসিবির সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এদিকে, গালফ নিউজ জানিয়েছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন কোনো পরিকল্পনা নেই। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমটি সোমবারের প্রতিবেদনে লিখেছে, রেভস্পোর্টজকে পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছে, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করার কোনো ভাবনা নেই।

এর আগে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি না মানলে তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পিসিবির আগ্রহের খবরও প্রকাশিত হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার সোমবার এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার কারণে নিজেদের অনুশীলন স্থগিত রেখেছে পাকিস্তান। এরপর গালফ নিউজে পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপ বর্জনের কোনো পরিকল্পনা করছে না।

পূর্ববর্তী নিবন্ধশান্তিতে নোবেল দেয়নি নরওয়ে, তাই আর শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প
পরবর্তী নিবন্ধচলে এসেছে পেট-সিটি মেশিন, সাইক্লোট্রন আসবে মার্চে