কর্ণফুলীর উপজেলার ব্রিজঘাট বাজারে উচ্ছেদ হলো শতাধিক অবৈধ স্থাপনা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে। এতে শতাধিক দোকান এবং দুটি মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে দখলমুক্ত করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
জানা গেছে, চলতি বছরের মে মাসে উপজেলার ব্রিজঘাট এলাকায় কয়েক দফায় উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েক শতাধিক দোকান দখলমুক্ত করে সিডিএ।
এছাড়াও ওই অভিযানের পর দখলমুক্ত এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করে তারা। তবে উচ্ছেদের পরপর আবারও সে জমি দখল করে দোকানপাট স্থাপন করা হলে গতকাল সকাল থেকে সিডিএ আবারও উচ্ছেদ অভিযানে মাঠে নামে।
সিডিএ নির্মাণ বিভাগ–১ এর প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ বলেন, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট বাজারটি সিডিএর মালিকানাধীন। সেখানে অবৈধভাবে কয়েক শতাধিক দোকান বানিয়ে দীর্ঘদিন স্থানীয় কিছু সিন্ডিকেট দখলে রেখেছিল। এর আগে কয়েক দফা অভিযান চালিয়ে উচ্ছেদ অভিযানের পরও তারা আবার সিডিএর জমি দখল করে দোকান নির্মাণ করে। তাই অভিযান চালিয়ে সিডিএর জমি উদ্ধার করা হয়েছে।












