সিডনিতে সকালে মাঠে বিকেলে অপেরা হাউজে গেলেন ঋতুপর্ণা-আফঈদারা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

চীনের সাথে দুর্দান্ত এক লড়াইয়ের পর সিডনিতে অন্যরকম একটি দিন কাটালেন ঋতুপর্ণাআফঈদারা। যথারীতি সকালে ছুটলেন জুবিলি স্টেডিয়ামে উত্তর কোরিয়া ম্যাচের প্রস্তুতি নিতে, সেখানে অবশ্য রিকভারি আর হালকা অনুশীলন হয়। এরপর দুপুরে তারা যান সিডনি অপেরা হাউজ, হারবার ব্রিজের মতো দর্শনীয় স্থানে। খেলোয়াড়রা ইচ্ছেমতো ঘুরলেন, ছবি তুললেন। তাদের সঙ্গ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও। নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টেবিলে এই মুহূর্তে উজবেকিস্তানকে ৩০ গোলে হারানো উত্তর কোরিয়া আছে শীর্ষে। চীনের বিপক্ষে ২০ গোলে হেরে আসা বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। এশিয়ান কাপে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার চেয়ে প্রতিযোগিতাটিতে প্রথমবার খেলতে যাওয়া বাংলাদেশ সব দিক থেকে পিছিয়ে।

তবে, চীনের বিপক্ষে লড়াই করে হারের পর দলের মধ্যে বইছে আত্মবিশ্বাসের স্রোত। অনুশীলনে রিকভারির দিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বললেন, উত্তর কোরিয়া ম্যাচে পয়েন্ট পাওয়ার লক্ষ্য তাদের। ‘আজ আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি। প্রথম ম্যাচের ভুলভ্রান্তি নিয়ে কাজ করব। আজ আমরা একটি ভিডিও সেশন করব। চীনের বিপক্ষে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেয়েরা মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সবসময় বলি, আমরা মেয়েদের ভাষা বুঝি, কোচিং স্টাফদের কথাগুলো ওরা কতটা সিরিয়াসলি ও আন্তরিকভাবে নিচ্ছেতারই প্রতিফলন দেখা গেছে মাঠে।’ ‘উত্তর কোরিয়ার বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হলে আর যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি পয়েন্টও আনতে পারিএই লক্ষ্য নিয়েই মেয়েদের উজ্জীবিত করছি। উত্তর কোরিয়াকে নিয়ে আজ ও কাল কাজ করব। আশা করি, মেয়েরা ভালো করবে।’ দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত দল সময় কাটিয়েছে অপেরা হাউজে। পর্যটকদের জন্য ভীষণ আকর্ষণীয় এই স্থাপনার চত্ত্বরে ঋতুপর্ণাস্বপ্নারা ছুটে বেড়িয়েছেন ইচ্ছেমতো।

ছবি তুলেছেন, ভিডিও করেছেন। এর আগে টিম বাসে চেপে তারা ঘুরতে গিয়েছিলেন সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে। ভ্রমণের সময় আফঈদা খন্দকার, মনিকা চাকমা, কোহাতি কিসকু, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন, মিলি আক্তার, শিউলি আজিমরা সবাই ইচ্ছেমতো পোশাক পরে পুরোপুরি ‘পর্যটক’ বনে গিয়েছিলেন। পুরোটা সময় মেয়েদের সময় দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সাথে। চীনের বিপক্ষে ম্যাচে ঋতুপর্ণার গোলটি না হওয়ার আক্ষেপের কথাও জানালেন তিনি। ‘চীনের বিপক্ষে দল ভালো খেলেছে। ওই ম্যাচে ঋতুপর্ণার গোলটি হলে অনেক কিছু হতে পারত। তবে ওই মুহূর্তটির কারণে চীনও একটু বিস্মিত হয়েছিল এবং তারাও আমাদের সমীহ করতে শুরু করে। সামনের ম্যাচগুলোতেও আশা করি, সবাই ভালো পারফরম্যান্স দেখাবে।’আজ আবার অনুশীলনে মাঠে ফিরবে বাংলাদেশ দল। জুবিলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত তাদের পরবর্তী অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আজ চট্টগ্রাম খাগড়াছড়ি মুখোমুখি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-২০ ক্রিকেট লিগ ৭ মার্চ শুরু