সিএসসিএল ও মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় সিএসসিএল এবং মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। দু’দলেরই এটি দ্বিতীয় জয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সিএসসিএল ১০ উইকেটে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে। বাকলিয়া জুনিয়রের এটি টানা দ্বিতীয় পরাজয়। সিএসসিএল তাদের তিন খেলায় দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল টস জিতে বাকলিয়া জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ৭২ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২২ রান থেকে। এছাড়া ওপেনার আকিব আলি ১১,আবদুল আবিদ অপরাজিত ১২ এবং জিসান ১০ রান করেন। সিএসসিএল’র আবদুল্লাহ আবির ৪ ওভার ১ মেডেন ৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। ২টি উইকেট পান ফাইরিভ হুমায়ুন। জবাব দিতে নেমে সিএসসিএল ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭৬ রান তুলে নেয়। দুই ওপেনার মিফতাউল আলম ২৯ বলে ৩৯ এবং আলভী আহমেদ ১৯ বলে ৩৬ রান তুলে অপরাজিত থাকেন। মিফতাউল ৫টি চার এবং ২টি ছক্কা,আলভী ৫টি চার এবং ১টি ছক্কা মারেন। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের আবদুল্লাহ আবির। তার হাতে পুরস্কার তুলে দেন সিএসসিএল’র টিম অফিসিয়াল আরিফ আহমেদ। অপর ম্যাচে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। মোহরার এটি টানা দ্বিতীয় জয়। অন্যদিকে ডবলমুরিং ক্লাব টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে। টসে হেরে ডবলমুরিং প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৩০ রান সংগ্রহ করে। দলীয় অধিনায়ক আবু নেওয়াজ লিখনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬০ রান। ৩৮ বল খেলে ৫টি চার এবং ২টি ছক্কায় তিনি ঐ রান করেন। এছাড়া ইকরামুল হক রাজু অপ. ২১,জালাল উদ্দিন রাশেদ ১৬ এবং বেলাল হোসেন রাজা ১২ রান করেন। মোহরা এশিয়ানের পক্ষে ২টি করে উইকেট নেন সিরাজুল মোস্তফা এবং ইমরান হোসেন বাবু। জবাবে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ১৭.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নেয়। দুই ওপেনার আফনান চৌধুরী ২৯ এবং শাওন দাশ ১৫ রান করেন। এছাড়া সুহু ইবনে শাহিদ ১৪ বলে ৩০ এবং জুলহাসর সাগর ২৬ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত রান হয় ১২। ডবলমুরিং ক্লাবের জয় দাশ ২টি উইকেট লাভ করে। বিজয়ী দলের জুলহাসর সাগর ১টি উইকেট এবং অপরাজিত ৪৮ রান করার সুবাদে প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন এশিয়ান গ্রুপের কর্মকর্তা মইনুল হক মুন এবং ডবলমুরিং ক্লাবের টিম ম্যানেজার মো. মাহবুব।

পূর্ববর্তী নিবন্ধইরান নারী দলের পাঁচ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধপাইরেটস অব চিটাগং ও সিএসসিএল ফাইনালে