সিএসসিএল ও পাইরেটস অব চিটাগাংয়ের শুভ সূচনা

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক  | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টিটোয়েন্টি ক্রিকেট লিগ গতকাল শনিবার থেকে হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনায় আয়োজিত এ লিগের উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম মাঠে অনুষ্ঠিত খেলায় কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লি: (সিএসসিএল) ৮ উইকেটে ইকবাল স্পোর্টস কমপ্লেক্স লি. (আইএসসিএল) কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা আইএসসিএল ২০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোমো দাশ ১৫ এবং লাকি চাকমা ১৫ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে পারেননি। সিএসসিএল এর পক্ষে ৩টি উইকেট পান এশা। এছাড়া ২টি উইকেট নেন নিশি। জবাবে ব্যাট করতে নেমে সিএসসিএল ১০.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে নুসরাত ৩০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া এশা করেন ১৪ রান। বিজয়ী দলের এশা রহমান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে এবং বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক। অপর মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগং ৭ উইকেটে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র ২০ ওভারে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুপা ইসলাম ১৮ এবং নুসরাত ইসলাম ১৪ রান করেন । পাইরেটস অব চিটাগাং এর পক্ষে অপর্না দে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ২টি করে উইকেট নেন নাইমা সুলতানা এবং তানিয়া আকতার। জবাবে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগাং ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৩৩ রান করে অপরাজিত থাকেন বিবি আয়শা। ১৭ রান করেন অপর্না দে। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২টি উইকেট নেন আফরিন। বিজয়ী দলের অপর্না দে ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের ইনচার্জ এডমিন আবু নাসের মোহাম্মদ মাশুক এবং পাইরেটস অব চিটাগাং এর ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কন্টিনেন্টাল গ্রুপের পরিচালক রুদমিলা মাইশা ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং নারী ক্রিকেট দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নারী ক্রিকেট দলের নির্বাচক সালমা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার জি এম হাসান, ফরিদ আহমেদ এবং ফজলে রাব্বি খান সাজ্জাদ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটির সাথে ড্র করে পয়েন্ট হারালো চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসেলাই মেশিনে ব্যস্ত তটিনী, ভক্তরা বলছেন ‘নতুন শাবানা’