চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে প্রবেশন অধ্যাদেশ ১৯৬০ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আদালত ভবনে থাকা প্রবেশন কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ–পরিচালক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল, মো. আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মোস্তফা ও নুসরাত জাহান জিনিয়া। সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিমুল আবেদীন চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খুরশেদুল আলম, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শাহেদুল হক শাহেদসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মরত উপজেলা সমাজসেবা অফিসাররা প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুতে সঞ্চালক প্রবেশন অফিসার মনজুর মোরশেদ চট্টগ্রাম মহানগর অধিক্ষেত্রে আদালত সমূহে গত দুই বছরে প্রবেশন মামলার সংখ্যা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। তিনি জানান, প্রবেশন অফিসে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মোট ২টি প্রবেশন মামলা থাকলেও বর্তমানে প্রবেশন মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭টিতে। এজন্য তিনি চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান প্রশিক্ষক হিসেবে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম কাজী মিজানুর রহমান প্রবেশন অধ্যাদেশ ১৯৬০ এর গুরুত্বপূর্ণ আইনি দিক এবং তার বাস্তব প্রয়োগসমূহ তুলে ধরেন। তিনি বলেন, আগে আদালতসমূহ প্রবেশন আদেশ কম দিলেও সুপ্রিম কোর্টের ২০১৯ সালের একটি সার্কুলার ও সুপ্রিম কোর্টে মতি মাতবর বনাম রাষ্ট্র মামলার রায়ের পর সারা দেশে প্রবেশন মামলার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তিনি তার বিচারিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে প্রবেশন অধ্যাদেশের প্রয়োগ আলোচনা করেন। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রবেশন অফিসসমূহে বাজেট ও জনবল সংকট থাকা সত্ত্বেও বিচারক ও প্রবেশন অফিসারদের প্রচেষ্টায় চট্টগ্রাম সহ সারা দেশে প্রবেশন মামলার সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
প্রধান প্রশিক্ষকের বক্তব্যে কাজী মিজানুর রহমান বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশন কার্যক্রমের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বাংলাদেশে প্রবেশন কার্যক্রম আরো কিভাবে বেগবান করা যায় সে সম্পর্কিত সুপারিশমালা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ–পরিচালক মো. ফরিদুল আলম চট্টগ্রামে প্রবেশন কার্যক্রম বেগবান ও দৃশ্যমান করার জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জানান, চট্টগ্রামের প্রবেশন কার্যক্রম স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমেও বর্তমানে আলোচিত হচ্ছে। সামনের দিনগুলোতে সংশ্লিষ্ট বিভাগগুলোর পারষ্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রবেশন ব্যবস্থায় আরো গতিশীলতা আসবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।












