সিআরবি দ্বিতল সড়কের পাশ থেকে ভেঙে পড়ল শতবর্ষী শিরীষগাছ

ছিঁড়ল পিডিবির ৩৩ কেভি তার, হেলে পড়েছে ৪টি খুঁটি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর সিআরবি দ্বিতল সড়কের পাশে রেলওয়ের শতবর্ষী একটি শিরীষগাছ গত সোমবার রাতে হঠাৎ ভেঙে পড়েছে। এ সময় বিদ্যুতের ৪টি খুঁটি হেলে পড়ে এবং দুটি গাছ চাপা পড়ে ভেঙে যায়। গত সোমবার রাত ১০টায় দ্বিতল সড়কের পাশ থেকে বৃহৎকারের গাছটি নিচের সড়কের ওপর ভেঙে পড়লে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাছটি বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ওপর পড়লে পিডিবির ২টি এবং রেলওয়ের ২টি বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে যায়। নিচের আরো দুটি গাছ ভেঙে পড়ে। এর ফলে সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

রেলওয়ের এসব গাছের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান আখন্দ আজাদীকে বলেন, গত সোমবার রাত ১০টার দিকে হঠাৎ দ্বিতল সড়কের উপর থেকে নিচে বড় আকারের একটি শিরীষগাছ ভেঙে পড়ে। গাছটির ডালপালা সড়কের নেচে আমাদের মেস কোয়াটারে গিয়ে পড়েছে। এ সময় ছোট আরো দুটি গাছ ভেঙে যায় এবং পিডিবির দুটি এবং আমাদের রেলওয়ের দুটি বৈদ্যুতিক খুুঁটি হেলে পড়ে। গাছটি সারারাত কাটা হয়। শেষ করতে দুপুর ১২টা পর্যন্ত লেগেছে। পিডিবির কাজ শেষ হতে হতে সন্ধ্যা পর্যন্ত লেগেছে। সারা রাত ওই এলাকায় বিদ্যুৎ ছিল না।

তিনি বলেন, গাছটির কিছু অংশ পোকা খেয়ে ফেলেছে। এছাড়া গাছগুলোর গোড়ার মাটি সরে গেছে। এখন আমরা কেটে রেখেছি। বিক্রির প্রক্রিয়া করতে একটু সময় লাগবে।

সরেজমিনে দেখা যায়, শতবর্ষী গাছটির চাপা পড়ে নিচে আরো দুটি কাঁঠালগাছ ভেঙে গেছে। ভাঙা অংশ কেটে সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুদকের ডাকে সাড়া নেই
পরবর্তী নিবন্ধজান্তার সান্ধ্য আইন ভঙ্গ করে রাজপথে মানুষ