সিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজাদীকে বলেছেন, চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি ঢাকার রমনা বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো। রমনা বা সোহরাওয়ার্দীতে কেউ হাসপাতাল করার কথা চিন্তাও করতে পারেন না। তাহলে সিআরবিতে কেন?
তিনি বলেন, আমরা চট্টগ্রামের সব এমপি-মন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছি। চট্টগ্রামের হেরিটেজ সিআরবিতে কোনো হাসপাতাল প্রতিষ্ঠা না করার অনুরোধ জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি। আমরা সিআরবির পরিবর্তে এক থেকে দেড় কিলোমিটার দূরে আমবাগান, পাহাড়তলী কিংবা হালিশহরে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছি। চট্টগ্রামে রেলওয়ের প্রচুর জায়গা আছে। যেখানে হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়। সিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।
গত রাতে মন্ত্রী আজাদীকে বলেন, চট্টগ্রামের জন্য হাসপাতাল প্রয়োজন আছে। আমরা কোনোভাবেই হাসপাতালের বিরোধিতা করছি না। কিন্তু সিআরবির মতো জায়গায় হাসপাতাল করার কোনো সুযোগ নেই। সিআরবিতে হাসপাতাল করার জন্য সিডিএ অনুমোদন দিতে পারবে না, পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিতে পারবে না। সিআরবি হেরিটেজ এলাকা। এখানে হাসপাতাল করার সুযোগ না থাকার বিষয়টি আমরা চিঠিতে উল্লেখ করেছি।
চট্টগ্রামের এই ইস্যু নিয়ে সকল এমপি-মন্ত্রী কথা বলেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বিদেশে ছিলেন। উনি বিদেশ থেকে এসেই চিঠিতে স্বাক্ষর করে দিয়েছেন। আমাদের চট্টগ্রামের মন্ত্রীদের সিংহভাগই চিঠিতে স্বাক্ষর করেছেন। দেশে না থাকায় দুয়েকজন বাদ পড়েছেন। তবে তারাও এই চিঠির সাথে একাত্ম।
তিনি বলেন, আমরা মাননীয় রেলপথ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের বিষয়টি তুলে ধরেছি। পিপিপির আওতায় হাসপাতাল নির্মাণ প্রকল্পটি সিআরবি থেকে সীতাকুণ্ডের কুমিরায় স্থানান্তর করার উদ্যোগ নেয়ায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় মন্ত্র্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছি। সাক্ষাৎকালে আমরা চট্টগ্রামের সিআরবির গুরুত্ব যে ঢাকার রমনা কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ে কম নয় তাও মাননীয় মন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল হবে অন্য জায়গায়, রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন
পরবর্তী নিবন্ধটেন্ডারে কোথাও সিআরবির কথাটি ছিল না