নিজের বলে ফিল্ডিং করে মিরাজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নন স্ট্রাইক প্রান্তে রান আউট করেন সালমান আলি আগাকে। তাই নিয়ে চলছে আলোচনা, সমালোচনা ও বিতর্ক। মোহাম্মাদ রিজওয়ানের ব্যাট ছুঁয়ে আসার বলে বোলার মিরাজ ফিল্ডিং করতে গেলে সামনে পেয়ে যান সালমানের বাধা। ক্রিজে ছেড়ে বেরিয়ে বলের লাইনে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানি ব্যাটার। মিরাজ বল ঠেকানোর পর সালমান উদ্যত হন বল তুলে মিরাজকে দিতে। তবে দ্রুতই নিজে থেকে বল নিয়ে স্টাম্পে লাগান বাংলাদেশ অধিনায়ক। ৬২ বলে ৬৪ রান করে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়ে মাঠ ছাড়েন তিনি। সেই ঘটনা নিয়েই চলছে আলোচনার জোয়ার। সেদিনের সঞ্চালক সিকান্দার বখত রান আউটের প্রসঙ্গ তুলে বলেন নিয়মের মধ্যে থাকার অধিকার মিরাজের আছে। ওই রান আউট নিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্যও জানতে চাওয়া হয়। মিরাজ জানান, ‘সে উইকেট থেকে (ক্রিজ থেকে) দূরে ছিল। আমি স্রেফ বলের দিকে দেখছিলাম। আমি যদি (ফিল্ডিংয়ে) মিস করতাম, সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। আমি স্রেফ ওভাবেই ভেবেছি।’












