খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক খুচরা সার বিক্রেতা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তৃণমূল পর্যায়ে সার সরবরাহ করে আসছেন। তারা সরাসরি কৃষকদের সঙ্গে সম্পৃক্ত থাকায় কৃষি উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমান নীতিমালার ফলে খুচরা পর্যায়ে সার বিক্রি বন্ধ হয়ে গেলে প্রায় ৪৪ হাজার বিক্রেতা পরিবার মারাত্মক আর্থিক সংকটে পড়বেন।
বক্তারা আরো বলেন, গ্রামাঞ্চলের অনেক কৃষক তাৎক্ষণিক আর্থিক সংকটে সার কিনতে না পারলে খুচরা বিক্রেতারা বকেয়ার ভিত্তিতে সার দিয়ে থাকেন। কৃষকেরা ফসল ঘরে তোলার পর সেই অর্থ পরিশোধ করেন। ফলে খুচরা বিক্রয় ব্যবস্থা বন্ধ হলে কৃষকেরাও প্রয়োজনীয় সময়ে সার সংগ্রহে বাধার মুখে পড়বেন, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ পুনর্বিবেচনা ও সংশোধনের আহ্বান জানান।
বক্তারা প্রস্তাব করেন, সরকার চাইলে খুচরা সার বিক্রেতাদের কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে প্রতিটি লাইসেন্সের বিপরীতে দুই লাখ টাকা জামানত নির্ধারণ করতে পারে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করার বিধান রাখা যেতে পারে। মানববন্ধনে বক্তব্য রাখেন জসিম উদ্দিন মানিক, মফিজুর রহমান ও মোহাম্মদ ইলিয়াসসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











