ইরান সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে চুক্তি করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে কখনোই দরকষাকষি হবে না বলে জোর গলায় বলছে, তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষ্য এল, বলছে বিবিসি। আমি বলতে পারি, তারা চুক্তি করতে চায়, শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সমরশক্তির ব্যাপক উপস্থিতি নিয়ে করা প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। তবে ইরান যে সত্যিই চুক্তি করতে চায় তার সমর্থনে কোনো তথ্যপ্রমাণ দেননি তিনি। মার্কিন নৌবাহিনীর বড় একটি বহর শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আশপাশে পৌঁছানোর পর রিপাবলিকান প্রেসিডেন্ট বুধবার তেহরানকে সতর্ক করে বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে ইরানের সময় ফুরিয়ে আসছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আলোচনার কোনো পরিকল্পনা নেই। তবে তেহরান পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত। শুক্রবার ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পরিষদের প্রধান আলি লারিজানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তারা দুইজন মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক ইস্যুসহ নানান বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া–নভোস্তি।
ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরিই শান্তিপূর্ণ। তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগও প্রত্যাখ্যান করে আসছে তারা। চুক্তি করতে তেহরানকে কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে শুক্রবার ট্রাম্প বলেন, এটি কেবল তারাই জানে। আশা করছি একটি চুক্তি করতে পারবো।












