ধর্ম–বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বর্তমান বিএনপি সরকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাঙালি–অবাঙালি, বিশ্বাসী–অবিশ্বাসী নির্বিশেষে সবাই সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন, এটাই সরকারের নীতি।
গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মাহবুবের রহমান শামীম বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি সরকার। মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝণ্টু কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ–সাংগঠনিক সম্পাদক কমল জ্যৌতি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টী পার্থ প্রতিম বড়ুয়া, লোহাগড়ার আধুনগর ইউনিয়ন যুবদলের সভাপতি সমীরণ কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর জাসাসের সহসভাপতি দোলস বড়ুয়া ও বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক দিবাকর বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










