সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি লিজের জমি বিক্রি ও ব্যাংকে বন্ধক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

নগরীর নাসিরাবাদ (অক্সিজেন) শিল্প এলাকায় সরকারি লিজের জমি সাফকবলা দলিলমূলে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদরের সাবেক সাবরেজিস্ট্রারসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম সদর সাবেক সাবরেজিস্ট্রার মো. আবু তালিব খান।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫() ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আমলে নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ (অক্সিজেন) শিল্প এলাকার কয়েকটি শিল্প প্লট ৯৯ বছরের জন্য পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে লিজ দেয়। লিজ চুক্তিতে সরকারের অনুমতি ছাড়া জমি বিক্রি বা বন্ধক না দেওয়ার শর্ত ছিল। পরবর্তীতে পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০০৯ সালে সাফকবলা দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়। পরে ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিল করে আগের দলিল সংশোধনের চেষ্টাও করা হয়।

এজাহারে আরো বলা হয়, ৫ দশমিক ২১৯ একর সরকারি স্বার্থসংশ্লিষ্ট লিজ বা অধিগ্রহণকৃত জমি লিজ দাতার অনুমতি ব্যতীত সাফকবলা দলিলমূলে বিক্রয় করা এবং সরকারের অনুমতি ব্যতীত মূল লিজ দলিল বা লিজ জমি ব্যাংকে বন্ধক (কোলেটরাল মর্টগেজ) রাখার অপরাধ করেছেন আসামিরা।

পূর্ববর্তী নিবন্ধপাপ পঙ্কিলতামুক্ত সুন্দর জীবন গড়াই সিয়াম সাধনার শিক্ষা
পরবর্তী নিবন্ধহাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন ভারতে গ্রেপ্তার